মাদারীপুরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে উত্তরপত্রসহ দুইজনকে আটক করেছে পুলিশ। আটক দুজনের মধ্যে একজন আনসার সদস্য এবং অপরজন একজন গৃহিণী।
শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ও চরমুগরিয়া মহাবিদ্যালয়—এই দুইটি পরীক্ষা কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন কালকিনি উপজেলার জুরগাঁও গ্রামের অবিনাশ মণ্ডলের ছেলে অমৃত মণ্ডল এবং সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ছয়না এলাকার আরিফুল ইসলামের স্ত্রী লাভলী বেগম। অমৃত মণ্ডল বর্তমানে রাজধানীর মতিঝিল এলাকায় আনসার সদস্য হিসেবে কর্মরত বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, শুক্রবার বিকেলে সারাদেশের মতো মাদারীপুরেও প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ সময় পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষার্থী হিসেবে অংশ নেন অমৃত মণ্ডল। পরীক্ষা চলাকালে তার আচরণ সন্দেহজনক মনে হলে তল্লাশি চালিয়ে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে ফোনে পরীক্ষার উত্তরপত্র পাওয়া গেলে তাকে আটক করে মাদারীপুর সদর থানায় হস্তান্তর করা হয়।
অন্যদিকে, সদর উপজেলার চরমুগরিয়া মহাবিদ্যালয় কেন্দ্রের সামনে থেকে লাভলী বেগমকে আটক করেন শিবচর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবা ইসলাম। জানা গেছে, তিনি কেন্দ্রের সামনে বসে হাতে লেখা একটি নোট থেকে উত্তরপত্র পড়ছিলেন। বিষয়টি জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নজরে এলে তাকে ম্যাজিস্ট্রেটের কাছে হস্তান্তর করা হয়। পরে নোটের উত্তরপত্রের সঙ্গে পরীক্ষার প্রশ্নের মিল পাওয়া যায়।
ঘটনার পর উভয়কেই মাদারীপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শনিবার তাদের আদালতে পাঠানো হবে।
