প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল কবে, জানাল অধিদফতর

ফরহাদ হোসেন, ঢাকা প্রতিনিধি

1 Min Read

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শেষ হয়েছে শুক্রবার (৯ জানুয়ারি)। সাধারণত এ পরীক্ষার ফল ১৫ দিনের মধ্যেই প্রকাশ করা হয়। সে হিসাবে চলতি জানুয়ারি মাসের মধ্যেই ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

শনিবার (১০ জানুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদফতরের গবেষণা কর্মকর্তা এস এম মাহবুব গণমাধ্যমকে জানান, ফল প্রকাশ নিয়ে অধিদফতরে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তিনি বলেন,

আমরা সাধারণত ১৫ দিনের মধ্যেই পরীক্ষার ফল প্রকাশ করি। তবে যেহেতু বুয়েট পরীক্ষার মূল্যায়ন প্রক্রিয়ায় যুক্ত এবং তাদের নিজস্ব ভর্তি পরীক্ষা চলছে, তাই কিছুটা সময় লাগতে পারে। তারপরও আমাদের লক্ষ্য নির্ধারিত সময়ের মধ্যেই ফল প্রকাশ করা।

এর আগে ২০২৪ সালে তিন ধাপে অনুষ্ঠিত সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলও পরীক্ষা শেষ হওয়ার প্রায় দুই সপ্তাহের মধ্যেই প্রকাশ করা হয়েছিল।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের তথ্য অনুযায়ী, এবার দুই ধাপে ১৪ হাজার ৩৮৫টি শূন্য পদের বিপরীতে আবেদন জমা পড়েছে ১০ লাখ ৮০ হাজার ৮০টি। সে হিসাবে প্রতিটি পদের জন্য প্রতিযোগিতা করেছেন গড়ে প্রায় ৭৫ জন প্রার্থী। সরকারি চাকরির ক্ষেত্রে এটি দেশের অন্যতম বৃহৎ নিয়োগ পরীক্ষা বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোকের কারণে ২ জানুয়ারির পরীক্ষা স্থগিত করে তা ৯ জানুয়ারি অনুষ্ঠিত হয়।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *