ঢাবির পরীক্ষার সময়সূচির সঙ্গে সমন্বয়, একদিন পিছিয়ে এমআইএসটির ভর্তি পরীক্ষা

ফরহাদ হোসেন, ঢাকা প্রতিনিধি

2 Min Read

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের স্থগিত ভর্তি পরীক্ষার সময়সূচির সঙ্গে সমন্বয় করে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) তাদের একটি ভর্তি পরীক্ষা একদিন পিছিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ঢাবির বিজ্ঞান ইউনিটের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৭ ডিসেম্বর বিকেলে অনুষ্ঠিত হবে। একই সময়ে এমআইএসটির স্থাপত্য বিভাগের দ্বিতীয় পর্বের পরীক্ষাও নির্ধারিত থাকায় উভয় প্রতিষ্ঠানে আবেদন করা শিক্ষার্থীদের ভোগান্তির বিষয়টি সামনে আসে।

এই প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে এমআইএসটি শুধুমাত্র স্থাপত্য বিভাগের দ্বিতীয় পর্বের ভর্তি পরীক্ষা একদিন পিছিয়ে ২৮ ডিসেম্বর বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত আয়োজনের সিদ্ধান্ত নেয়।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে এমআইএসটি কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাবির বিজ্ঞান ইউনিটের পরীক্ষা পূর্বে ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সাবেক শিক্ষার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালনের কারণে তা স্থগিত হয়। পরবর্তীতে ঢাবি কর্তৃপক্ষ ২৭ ডিসেম্বর বিকেল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করে।

এ অবস্থায় একই সময়ে দুই প্রতিষ্ঠানের পরীক্ষা পড়ায় শিক্ষার্থীদের কথা বিবেচনা করে এমআইএসটি তাদের একটি পরীক্ষার সময়সূচি পরিবর্তন করে।

তবে এমআইএসটির ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ইঞ্জিনিয়ারিং ও স্থাপত্য বিভাগের লিখিত ভর্তি পরীক্ষা পূর্বঘোষণা অনুযায়ী ২৭ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত যথাসময়ে অনুষ্ঠিত হবে।

এমআইএসটি কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সংশোধিত সময়সূচি অনুযায়ী সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *