শরীয়তপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যার প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে ছাত্রদল ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার চৌরঙ্গীর মোড় এলাকায় এ সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, হাদি হত্যার বিচার দাবিতে এনসিপির স্থানীয় নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল করছিলেন। এ সময় পথচারী এক ছাত্রদল কর্মীর সঙ্গে বাকবিতণ্ডার ঘটনা ঘটে।
বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়লে ছাত্রদলের নেতাকর্মীরা ঘটনাস্থলে জড়ো হন। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে এলাকায় কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়।
সংঘর্ষে আহতদের মধ্যে কয়েকজনকে শরীয়তপুর সদর হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, সংঘর্ষের ঘটনায় জড়িতদের শনাক্ত করতে কাজ চলছে। পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এলাকায় নজরদারি অব্যাহত থাকবে।
