দীর্ঘদিন ধরে ইনজুরি ও আর্থিক সংকটে ভোগা ২০১৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দলের বাঁহাতি পেসার কাজী অনিক ইসলামের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সংগঠনটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে কাজী অনিকের শারীরিক সমস্যা ও আর্থিক দুরবস্থার বিষয়টি আলোচনায় এলে তারেক রহমানের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার নির্দেশনা দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর মিরপুরের পল্লবীতে নিজ বাসভবনে অনিকের সঙ্গে সাক্ষাৎ করেন আমিনুল হক।
সাক্ষাৎকালে তিনি তারেক রহমানের পক্ষ থেকে অনিকের চিকিৎসা ব্যয় ও সার্বিক সহায়তার বিষয়টি তাকে অবহিত করেন। সাক্ষাৎ শেষে আমিনুল হক বলেন, প্রতিভাবান ও অসহায় ক্রীড়াবিদদের প্রতি দলের চেয়ারম্যান সবসময়ই সংবেদনশীল। তার নির্দেশনায় কাজী অনিক পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফেরার আগ পর্যন্ত চিকিৎসাসহ প্রয়োজনীয় সব ধরনের দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
এ সময় নিজের অনুভূতি প্রকাশ করে কাজী অনিক বলেন, দীর্ঘদিন ধরে ইনজুরি ও আর্থিক সংকটের কারণে তিনি চরম দুর্দিন পার করেছেন। বিভিন্ন জায়গায় সহায়তার চেষ্টা করেও সাড়া না পাওয়ার হতাশার মধ্যেই তারেক রহমান ও আমিনুল হকের সহযোগিতার আশ্বাস তাকে নতুন করে সাহস ও আশা জুগিয়েছে।
