জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ পলাতক ২৪ আসামিকে গ্রেপ্তার করে আগামী ২৯ জানুয়ারি ট্রাইব্যুনালে উপস্থাপনের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রোববার (১৮ জানুয়ারি) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে এ নির্দেশ দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম অভিযোগ উপস্থাপন করে জানান, জুলাই গণ-অভ্যুত্থানের সময় ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকায় ফারহান ফাইয়াজসহ ৯ জনকে হত্যা এবং বহু মানুষকে গুরুতর আহত করা হয়।
এই মামলায় মোট ২৮ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে নানক ও তাপসসহ ২৪ জন পলাতক রয়েছেন। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা নাইমুর রহমানসহ চারজন বর্তমানে গ্রেপ্তার অবস্থায় আছেন এবং তাদের রোববার ট্রাইব্যুনালে হাজির করা হয়।
আনুষ্ঠানিক অভিযোগে আসামিদের বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে। মামলায় ৫০ জনকে সাক্ষী করা হয়েছে। এর আগে রোববার সকালে প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে।
