চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরকে ঋণ খেলাপি হিসেবে বহাল রেখেছেন চেম্বার আদালত। তার নাম ঋণ খেলাপির তালিকা থেকে বাদ দিতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করা হয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) চেম্বার বিচারপতি মো. রেজাউল হক প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্সের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মলয় কুমার রায়।
আইনজীবী জানান, প্রিমিয়ার লিজিংয়ের কাছে সরোয়ার আলমগীরের দেনা ১৬ কোটি ৭৪ লাখ টাকা। এছাড়া পাঁচটি ব্যাংকে তার মোট ঋণের পরিমাণ ২১৪ কোটি ৪৩ লাখ টাকা।
এর আগে হাইকোর্ট সরোয়ার আলমগীরের নাম ঋণ খেলাপির তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। তবে চেম্বার আদালতের আদেশে সেই সিদ্ধান্ত স্থগিত হলো।
উল্লেখ্য, নির্বাচন কমিশন ইতোমধ্যে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিল করেছে। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
