নরসিংদীতে জেল পলাতক আসামিকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিনিধি

1 Min Read

নরসিংদীর রায়পুরায় অপু আহমেদ (৪৫) নামে জেল পলাতক এক আসামিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৯ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার মরজাল ইউনিয়নের একটি স-মিলের ভেতরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত অপু আহমেদ উপজেলার পাহাড় মরজাল এলাকার হাবিবুর রহমানের ছেলে। তিনি জুলাই আন্দোলনের সময় নরসিংদী কারাগারে হামলার ঘটনায় বন্দি অবস্থায় পালিয়ে যান। পলাতক থাকলেও নিয়মিত এলাকায় যাতায়াত করতেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়রা জানান, সোমবার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা অপুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। মঙ্গলবার সকালে স-মিলের ভেতরে রক্তাক্ত অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী।

খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে পরিচিতজনরা মুখ দেখে মরদেহটি অপু আহমেদের বলে শনাক্ত করেন। পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।

রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে নিহত অপু আহমেদের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও হত্যা মামলাসহ আনুমানিক ৮ থেকে ৯টি মামলা রয়েছে। হত্যাকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *