যশোর কেন্দ্রীয় কারাগারের ফটকে শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। কারাবন্দি সাবেক ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দামকে মানবিক বিবেচনায় তার স্ত্রী ও নয় মাসের শিশুপুত্রের মরদেহ দেখার সুযোগ দেয় কারা কর্তৃপক্ষ।
কারাগার সূত্রে জানা গেছে, প্যারোলে মুক্তি মেলেনি, সব আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে স্ত্রী কানিজ সুবর্ণা স্বর্ণালী ও শিশুপুত্রের মরদেহ কারা ফটকে আনা হলে সেখানে সাদ্দামকে নেওয়া হয়। দীর্ঘ সময় পর তিনি স্ত্রীর মরদেহ ছুঁয়ে দেখেন এবং জীবনে প্রথমবারের মতো নিজের মৃত সন্তানকে কোলে তুলে নেন। এ সময় সাদ্দামের কান্নায় কারা ফটকে উপস্থিত কারারক্ষী ও স্বজনদের মধ্যে এক শোকাতুর পরিবেশ সৃষ্টি হয়।
গত ২৩ জানুয়ারি দুপুরে বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। স্বজনদের দাবি, দীর্ঘদিন ধরে স্বামী কারাবন্দি থাকায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন স্বর্ণালী। চরম হতাশা থেকে তিনি প্রথমে শিশুপুত্রকে পানির বালতিতে চুবিয়ে হত্যা করেন এবং পরে নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
পরিবারের সদস্যরা জানান, কারাবন্দি অবস্থায় সাদ্দাম মাঝেমধ্যে স্ত্রীর কাছে চিরকুট পাঠিয়ে ধৈর্য ধরতে বলতেন এবং শিগগির মুক্ত হওয়ার আশ্বাস দিতেন। তবে এসব আশ্বাস ও দীর্ঘ অনিশ্চয়তা স্বর্ণালীর মানসিক চাপ আরও বাড়িয়ে দিয়েছিল বলে তারা ধারণা করছেন।
যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহম্মেদ জানান, গত ১৫ ডিসেম্বর থেকে সাদ্দাম এই কারাগারে বন্দি রয়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মানবিক কারণে তাকে স্ত্রী ও সন্তানের মরদেহ দেখার সুযোগ দেওয়া হয়। প্রক্রিয়া শেষে তাকে পুনরায় কারাগারের নির্ধারিত ওয়ার্ডে পাঠানো হয়েছে।
