জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশকে কেন্দ্র করে জাতীয় সংসদে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এই আদেশকে ‘অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল’ বলে মন্তব্য করেছেন।
মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ বিষয়ে আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধানের ৭২ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি সংসদ অধিবেশন আহ্বান করেছেন। কিন্তু একই সংবিধানের আলোকে রাষ্ট্রপতির এই আদেশ জারি করার এখতিয়ার নেই। তার ভাষায়,
আদেশটির জন্মই বৈধ নয়।
তিনি আরও বলেন, সংবিধানের চতুর্থ তফসিলের ধারা ১৭(২) অনুযায়ী রাষ্ট্রপতির এমন আদেশ জারি করার ক্ষমতা নেই। ফলে এই আদেশ সম্পূর্ণভাবে অবৈধ এবং এখতিয়ারবহির্ভূত।
সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন, বিএনপি জুলাই সনদ মানে না—এমন বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তিনি দাবি করেন,
জুলাই সনদের প্রতিটি বিষয় আমরা ধারণ করি। এটি একটি ঐতিহাসিক রাজনৈতিক দলিল।
গণভোট প্রসঙ্গে তিনি বলেন, জনগণের মতামতকে সম্মান করা উচিত। তবে এই আদেশের মাধ্যমে জনগণকে সঠিকভাবে মত প্রকাশের সুযোগ দেওয়া হয়নি বলেও অভিযোগ তোলেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, অধ্যাদেশের মাধ্যমে রাষ্ট্রপতি সংসদের সার্বভৌম ক্ষমতা খর্ব করেছেন এবং অন্তর্বর্তী সরকার সংবিধান লঙ্ঘন করেছে।
সংবিধান সংস্কার পরিষদের শপথের কাগজ সংসদে পাঠানো নিয়েও প্রশ্ন তোলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তার মতে, এ ধরনের পদক্ষেপ নেওয়ার কোনো এখতিয়ার অন্তর্বর্তী সরকারের ছিল না।
তার বক্তব্যে সংসদে এ ইস্যুতে নতুন করে রাজনৈতিক ও সাংবিধানিক বিতর্ক আরও তীব্র হওয়ার ইঙ্গিত মিলেছে।
