ক্লাস চলাকালে মাথায় ভেঙে পড়ল ফ্যান, পিরোজপুরে আহত ২ শিক্ষার্থী

নিজস্ব প্রতিনিধি

1 Min Read

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় ক্লাস চলাকালে সিলিং ফ্যান খুলে পড়ে দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। শনিবার (৪ এপ্রিল) সকাল ১১টার দিকে শ্রীরামকাঠী ইউনিয়নের ৮১নং জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলো—সৌভিক সমাদ্দার (১১) ও রাবেয়া খাতুন (১১)। তারা দুজনই একই বিদ্যালয়ের শিক্ষার্থী।

বিদ্যালয় সূত্রে জানা যায়, ক্লাস চলাকালে হঠাৎ করেই একটি সিলিং ফ্যান খুলে শিক্ষার্থীদের মাথার ওপর পড়ে যায়। এতে তারা গুরুতর আহত হয়।

শ্রেণিকক্ষে উপস্থিত সহকারী শিক্ষিকা রিক্তা মণ্ডল জানান, তিনি গণিত ক্লাস নিচ্ছিলেন। হঠাৎ একটি শব্দ শুনে তাকিয়ে দেখেন ফ্যানটি খুলে পড়ে গেছে এবং দুই শিক্ষার্থী আহত হয়েছে। পরে দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

আহতদের প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাবেয়া খাতুনকে ভর্তি রাখা হয়েছে। অপরদিকে সৌভিক সমাদ্দারের অবস্থা গুরুতর হওয়ায় তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা স্নিগ্ধা রানী জানান, ভবনটি পুরনো হওয়ায় ঝুঁকিপূর্ণ ছিল। শিক্ষার্থী বেশি থাকায় ওই ভবনেই ক্লাস নিতে হচ্ছিল। ঘটনার পরপরই আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হাকিম বলেন, ঘটনাটি শুনে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। গুরুতর আহত শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে।

ঘটনাটি এলাকায় উদ্বেগ তৈরি করেছে। পুরনো ও ঝুঁকিপূর্ণ স্কুল ভবনগুলো দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন অভিভাবকরা।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *