দুর্নীতির বিরুদ্ধে কঠোর বার্তা: ভূমি ব্যবস্থাপনায় প্রাতিষ্ঠানিক শুদ্ধতার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের

ছিদ্দিকুর রহমান

2 Min Read

ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে সম্পূর্ণভাবে নির্মূল করতে প্রাতিষ্ঠানিক উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি স্পষ্টভাবে বলেন, কোনো ধরনের দুর্নীতির সঙ্গে আপস নয়—দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

রাজধানীর কাটাবনে অবস্থিত ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (এলএটিসি) অডিটোরিয়ামে আয়োজিত অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) ও উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) উচ্চতর ভূমি ব্যবস্থাপনা কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি মাঠ প্রশাসনের কর্মকর্তাদের দক্ষতা, স্বচ্ছতা ও জনবান্ধব মনোভাব নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

সেবা কার্যক্রম দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়ে তিনি বলেন, অযথা দীর্ঘসূত্রতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একইসঙ্গে ভূমি সেবাকে আরও সহজ ও ব্যবহারবান্ধব করতে নতুন চিন্তা ও গবেষণার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। এ লক্ষ্যে একটি আধুনিক একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও জানান তিনি।

দুর্নীতি

আইন প্রয়োগের ক্ষেত্রে কোনো ধরনের নেতিবাচক আপস না করার নির্দেশ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, আইনের বাইরে যাওয়ার সুযোগ কারো নেই। তবে কর্মকর্তাদের নির্ভয়ে কাজ করার পরিবেশ নিশ্চিত করতে ‘লিগ্যাল প্রটেকশন’ দেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে।

তিনি বহিরাগত অনলাইন অপারেটরদের বিষয়ে সতর্ক করে বলেন, ফটোস্ট্যাট দোকানে বসে অননুমোদিতভাবে ভূমি সেবা প্রদান বন্ধ করতে হবে। এসব সেবা শুধুমাত্র প্রশিক্ষিত ও অনুমোদিত ব্যক্তিদের মাধ্যমেই সম্পন্ন হওয়া উচিত।

ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার অগ্রগতির কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এখন ভূমি সেবা অনেকাংশেই স্বয়ংক্রিয় ও ডিজিটাল হয়েছে। এই সুবিধাগুলো গ্রামাঞ্চলের সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে, যাতে তারা প্রতারণার শিকার না হন এবং সেবার প্রতি আস্থা বৃদ্ধি পায়।

ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক (যুগ্মসচিব) মোহাম্মদ আবুল খায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. মাহমুদ হাসান। স্বাগত বক্তব্য দেন কোর্স পরিচালক খান এ. সবুর খান।

উল্লেখ্য, পাঁচ দিনব্যাপী ১৪তম ও ১৮তম উচ্চতর ভূমি ব্যবস্থাপনা কোর্সে মোট ৭৪ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে কৃতি প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *