জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ: আবু সাঈদ হত্যা মামলার রায় আজ

ফরহাদ হোসেন, ঢাকা প্রতিনিধি

2 Min Read

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায় আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঘোষণা করা হবে।

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা এ মামলার রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এই মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মো. হাসিবুর রশীদসহ মোট ৩০ জন আসামি রয়েছেন।

ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি মো. আমিনুল ইসলাম এক ব্রিফিংয়ে জানান, আবু সাঈদ জুলাই আন্দোলনের অন্যতম শহীদ এবং তিনি নির্মম হত্যাকাণ্ডের শিকার হন। এ ঘটনা দেশ-বিদেশে ব্যাপক আলোড়ন তোলে এবং জাতিসংঘের প্রতিবেদনেও বিষয়টি উঠে আসে। তিনি আশা প্রকাশ করেন, মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে।

৩০ আসামির মধ্যে বর্তমানে ৬ জন গ্রেফতার রয়েছেন। তারা হলেন—বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, সাবেক সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল, চুক্তিভিত্তিক কর্মচারী মো. আনোয়ার পারভেজ, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন, সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা ইমরান চৌধুরী ওরফে আকাশ।

অন্যদিকে, সাবেক উপাচার্য মো. হাসিবুর রশীদসহ ২৪ জন আসামি এখনো পলাতক রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তা—মো. মশিউর রহমান, আসাদুজ্জামান মণ্ডল, মো. হাফিজুর রহমান, মো. মনিরুজ্জামান পলাশ ও মোহাম্মদ নুরুন্নবী মণ্ডলসহ আরও অনেকে।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আবু সাঈদ গুলিবিদ্ধ হয়ে নিহত হন। ঘটনাটির ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সারা দেশে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ভিডিওতে দেখা যায়, তিনি দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকা অবস্থায় পুলিশের গুলিতে নিহত হন।

এই হত্যাকাণ্ডই পরবর্তীতে আন্দোলনের গতিপথ বদলে দেয় এবং দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *