রেলপথে বসে বাকৃবি শিক্ষার্থীদের অবরোধ, ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ

1 Min Read

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বহিরাগতদের হামলার প্রতিবাদে এবং ছয় দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা রেললাইনে বসে রেলপথ অবরোধ করেছেন। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড় সংলগ্ন রেললাইনে বসে শিক্ষার্থীরা অবরোধ শুরু করেন। তারা ছয় দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এর আগে সকাল ৯টার দিকে ক্যাম্পাসে বহিরাগতদের হামলা এবং ক্যাম্পাস ও হল অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের কে. আর. মার্কেট থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। পরে বেলা সাড়ে ১১টার দিকে তারা ছয় দফা দাবি উত্থাপন করেন।

আন্দোলনকারী শিক্ষার্থী শিবলী সাদী বলেন,

বাকৃবি ক্যাম্পাসে বহিরাগতদের হামলার নিন্দা জানাই এবং দোষীদের বিচারের দাবি জানাচ্ছি। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ক্যাম্পাস ও হল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করছি। আমাদের ছয় দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

ছাত্রদের উত্থাপিত ছয় দফা দাবির মধ্যে রয়েছে—হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনা, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, ক্যাম্পাস ও হল খুলে দেওয়া, বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্বহীনতার জবাবদিহি নিশ্চিত করা, ঘটনায় আহতদের চিকিৎসা সহায়তা দেওয়া এবং ভবিষ্যতে বহিরাগতদের অনুপ্রবেশ রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ।

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *