অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় চট্টগ্রাম উত্তর জেলা যুবদল নেতার চাঁদাবাজি

বিশেষ প্রতিনিধি, মিরাসরাই (চট্টগ্রাম)

2 Min Read
Highlights
  • শওকত আকবর সোহাগ- যুগ্ম সম্পাদক, চট্টগ্রাম উত্তর যুবদল

সোমবার (১৯ মে) রাত ১টায় চট্টগ্রামের মিরসরাইয়ে অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজের কারখানায় চাঁদাবাজি ও হামলার ঘটনায় উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শওকত আকবর সোহাগকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার সোহাগ উপজেলার কাটাছরা ইউনিয়নের বাড়িয়াখালী এলাকার মৃত মফিজুর রহমানের ছেলে।

আজ  ২০ মে, মঙ্গলবার শওকত আকবর সোহাগকে প্রধান আসামি করে বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজের পরিচালক কামরুল হোসাইন বাদী হয়ে জোরারগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

অভিযোগপত্র অনুযায়ী, গতকাল সোমবার বিকেল ৫টার দিকে জাতীয় বিশেষ অর্থনীতি অঞ্চলে অবস্থিত বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানায় হামলার ঘটনা ঘটে। উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মো. শওকত আকবর সোহাগের নেতৃত্বে আসা ৮-১০ জনের একটি সন্ত্রাসী দল মোটরসাইকেলযোগে কারখানায় ঢুকে পড়ে এবং ২০ লাখ টাকা চাঁদা দাবি করে।

জানা গেছে, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার হাসিবুল হাসান এবং প্রজেক্ট ম্যানেজার আব্দুস সামাদসহ আরও কয়েকজন কর্মচারীকে বেধড়ক মারধর করে সন্ত্রাসীরা। হামলার সময় হাসিবুল হাসানের পকেট থেকে ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং চাঁদা না দিলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দেয়।

ঘটনার পর প্রতিষ্ঠানটির পরিচালক কামরুল হোসাইন জোরারগঞ্জ থানায় ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৮-১০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম জানান, প্রধান আসামি শওকত আকবর সোহাগকে গ্রেপ্তার করে আজ মঙ্গলবার সকালে আদালতে হাজির করা হয়েছে। অন্যান্য আসামিদের ধরতে অভিযান চলছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *