পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ নভেম্বর) ভোররাতে অজ্ঞাত দুর্বৃত্তরা দাহ্য পদার্থ ব্যবহার করে স্মৃতিস্তম্ভের নিচের অংশে আগুন লাগিয়ে দেয়। এতে স্মৃতিস্তম্ভের একটি অংশ কালো হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঘটনার পর কর্তৃপক্ষ তা দ্রুত শনাক্ত করে। পিরোজপুরের পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের নিশ্চিত করেন যে ঘটনাস্থলের নিরাপত্তায় নিয়োজিত দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে অবহেলার অভিযোগ পাওয়া গেছে। তাদের পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
এ ছাড়া অগ্নিসংযোগের ঘটনায় পিরোজপুর সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ সুপার আরও জানান, ঘটনাটির বিস্তারিত তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত করে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিএনপি, জামায়াত, ছাত্র–জনতা এবং সাধারণ মানুষ ঘটনাস্থলে জড়ো হয়ে নিন্দা জানান। তারা বলেন, জাতীয় স্মৃতির ওপর এ ধরনের হামলা দেশের ইতিহাস-ঐতিহ্যের ওপর আঘাত। দোষীদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবিও জানান উপস্থিতরা।
ঘটনার কারণে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয়দের আশঙ্কা, এটি পরিকল্পিত নাশকতার অংশ হতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
