বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির মতবিনিময়

মাইশা তাসনিম, ডেস্ক রিপোর্ট

2 Min Read

সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, জুলাই সনদের আইনি ভিত্তি ও আধিপত্যবাদবিরোধী রাজনৈতিক বোঝাপড়া নিয়ে বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মধ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর কামরাঙ্গীচরে খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজীর নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে দুই দলের শীর্ষ নেতারা অংশ নেন।

উভয় দল দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানবাধিকার রক্ষায় যেকোনো আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে ঐকমত্য প্রকাশ করে।

জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দলে ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক লিয়াজো প্রধান আরিফুল ইসলাম আদীব, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, মাওলানা আশরাফ উদ্দীন মাহদি ও সংগঠক সানাউল্লাহ খান।

অন্যদিকে, বাংলাদেশ খেলাফত আন্দোলনের পক্ষে উপস্থিত ছিলেন আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হক্কানী, নায়েবে আমির মাওলানা সাঈদুর রহমান, মাওলানা মুজিবুর রহমান হামিদী, যুগ্ম মহাসচিব মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী ও শিক্ষা দীক্ষা সম্পাদক মুফতি ইলিয়াস মাদারীপুরী প্রমুখ।

বৈঠকে উভয় দল বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যুতে অভিন্ন অবস্থান গ্রহণ করে। এর মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো হলো— জুলাই সনদের আইনি স্বীকৃতি প্রতিষ্ঠা, উচ্চকক্ষে অনুপাতিক প্রতিনিধিত্ব (Proportional Representation) পদ্ধতি প্রবর্তন, জুলাই গণহত্যা ও শাপলা হত্যাকাণ্ডের দায়ে দায়ীদের বিচার নিশ্চিত করা এবং জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম স্থগিতের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ।

বৈঠক শেষে উভয় পক্ষই রাজনৈতিক বোঝাপড়া আরও জোরদার করার এবং ভবিষ্যতে জাতীয় স্বার্থে যৌথ কর্মপরিকল্পনা গ্রহণের ইঙ্গিত দেয়।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *