বিপিএলের স্থগিত ম্যাচ অনুষ্ঠিত হবে আগামীকাল

স্পোর্টস ডেস্ক

1 Min Read

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে স্থগিত হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দুটি ম্যাচ আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিপিএল গভর্নিং কাউন্সিলের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, মঙ্গলবারের (৩০ ডিসেম্বর) জন্য কেনা টিকিট দিয়েই আগামীকালের ম্যাচগুলো উপভোগ করতে পারবেন দর্শকরা।

তবে ম্যাচের সময়সূচিতে পরিবর্তন আসতে পারে। বেগম খালেদা জিয়ার জানাজার সময়সূচির কারণে দিনের প্রথম ম্যাচটি নির্ধারিত সময়ের চেয়ে দুই ঘণ্টা পিছিয়ে বিকেল ৩টায় শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। একইভাবে দ্বিতীয় ম্যাচটিও নির্ধারিত সন্ধ্যা ৬টার পরিবর্তে এক ঘণ্টা বা দুই ঘণ্টা পরে শুরু হতে পারে।

দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের মুখোমুখি হবে সিলেট টাইটান্স। দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে ঢাকা ক্যাপিটালস।

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ সময় ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দেশের প্রথম নারী ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে রাষ্ট্রজুড়ে শোকের আবহ তৈরি হয়। এই শোকের অংশ হিসেবেই বিসিবি ওই দিনের বিপিএলের দুটি ম্যাচ স্থগিত করার সিদ্ধান্ত নেয়।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *