ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার এলাকায় অবৈধ ইউলুপ অপসারণ, রেলওয়ে ওভারপাস সম্প্রসারণ এবং সাবেক ৯ নির্বাচনি এলাকা পুনর্বহালসহ কুমিল্লার ১২টি নির্বাচনী আসনের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গণমিছিলে কুমিল্লা মহানগর, সদর দক্ষিণ ও লালমাই উপজেলার বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মিছিল শেষে নগরীর কান্দিরপাড়ে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সাবেক সংসদ সদস্য ও বিএনপির শীর্ষস্থানীয় এক নেতা বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধভাবে স্থাপিত ব্যারিকেড জনদুর্ভোগ সৃষ্টি করেছে। পদুয়ার বাজার ফ্লাইওভার সম্প্রসারণ করে পল্লী বিদ্যুৎ সমিতি পর্যন্ত নিয়ে যাওয়ার দাবি জানান তিনি। পাশাপাশি ষড়যন্ত্রের মাধ্যমে এই অঞ্চলের উন্নয়ন বাধাগ্রস্ত করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি এবং দায়ীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার আহ্বান জানান।
তিনি আরও বলেন,
সাবেক ৯ নির্বাচনি এলাকা পুনর্বহালের দাবিতে নির্বাচন কমিশনে স্মারকলিপি দেওয়া হয়েছে। আমরা আশা করি, আমাদের দাবি গ্রহণ করা হবে।
সমাবেশে বক্তারা কুমিল্লার উন্নয়ন ও অবকাঠামোগত পরিবর্তনের জন্য ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন। নেতারা বলেন, জনগণের ভোটাধিকার ও এলাকার উন্নয়নের স্বার্থে এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
সভায় সদর দক্ষিণ উপজেলা, লালমাই উপজেলা, মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মী ছাড়াও স্থানীয় সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
