বাংলাদেশে আগামী বছরের জুন মাসের মধ্যেই একটি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক সাধারণ নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। চার দিনের জাপান সফরের শুরুতেই তিনি এই প্রতিশ্রুতি দেন।
টোকিওর ইম্পেরিয়াল হোটেলে জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লিগের প্রেসিডেন্ট তারো আসোর সঙ্গে এক বৈঠকে এই অঙ্গীকার তুলে ধরেন তিনি। ইউনূস জানান, সরকার সংস্কার, বিচার ও নির্বাচনের তিনটি অগ্রাধিকারকে সামনে রেখে এগোচ্ছে।
প্রধান উপদেষ্টা ‘নিক্কেই ফোরাম ফর এশিয়া’-তে অংশ নিতে এবং জাপানি নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় যোগ দিতে টোকিও পৌঁছান স্থানীয় সময় দুপুর ২:০৫ মিনিটে। সফরের অন্যতম লক্ষ্য ছিল জাপানের প্রতি কৃতজ্ঞতা জানানো, কারণ গত দশ মাসে দেশটি বাংলাদেশের সংস্কার প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ সহায়তা দিয়ে এসেছে।
বৈঠকে তারো আসো বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের ভূয়সী প্রশংসা করেন এবং একটি স্থিতিশীল রাজনৈতিক কাঠামোর জন্য নির্বাচন অনুষ্ঠানের গুরুত্ব তুলে ধরেন। জবাবে ইউনূস বলেন, দেশের তরুণ প্রজন্ম আগের সরকারের ব্যর্থতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এবং তারই ফলশ্রুতিতে এই সরকার দায়িত্বে এসেছে।
সংস্কার কার্যক্রম, ছাত্র-জনতার খুনিদের বিচার, সাধারণ নির্বাচন আয়োজন এই তিনটি প্রধান অগ্রাধিকারকে সামনে রেখে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে।
অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার অংশ হিসেবে ব্যাংকিং খাত সংস্কার, বৈদেশিক রিজার্ভ বৃদ্ধি এবং ঋণ পরিশোধে অগ্রগতি হয়েছে বলেও জানান তিনি।
বৈঠকে অংশ নেওয়া জাপানি আইনপ্রণেতারা জানান, আসন্ন সেপ্টেম্বরের মধ্যেই বাংলাদেশ ও জাপানের মধ্যে একটি অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) স্বাক্ষরিত হতে যাচ্ছে, যা বাংলাদেশের জন্য বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করবে। এটি চূড়ান্ত হলে জাপান হবে প্রথম দেশ যে বাংলাদেশের সঙ্গে এ ধরনের ইপিএ স্বাক্ষর করবে।
প্রধান উপদেষ্টা জাপানি নেতাদের রোহিঙ্গা সমস্যা সম্পর্কে অবহিত করেন এবং তাদের সহযোগিতা কামনা করেন। তিনি জোর দিয়ে বলেন, এই শরণার্থীরা অন্য দেশে নয়, নিজেদের বাড়িতে ফিরে যেতে চায়—এটাই এই সংকটকে বিশ্বজুড়ে অন্য যেকোনো শরণার্থী সংকট থেকে আলাদা করেছে।
এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী,এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক (সিনিয়র সচিব) লামিয়া মোর্শেদ।
এই সফর কেবল কূটনৈতিক সৌজন্য নয়, বরং একটি শক্তিশালী বার্তা—বাংলাদেশ এগোচ্ছে, এবং বিশ্ব তার পাশে আছে।
