শুক্রবার, (৩০ই মে) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যালয়ে প্রথমবারের মতো আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মুখোমুখি হলেন সদ্য নির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে বিসিবির পরিচালক হিসেবে অনুমোদন পাওয়ার পরই খুলে যায় তার সামনে সভাপতির চেয়ারে বসার দরজা। বিকেলে বোর্ডের জরুরি সভায় পরিচালকদের ভোটে সাবেক জাতীয় দলের অধিনায়ককে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে উঠে আসে—এই অল্প সময়ে তিনি বাংলাদেশের ক্রিকেটে কী ধরনের পরিবর্তন আনতে চান? উত্তরে সাবেক এই লড়াকু অধিনায়ক বলেন,
টেস্ট পাঁচ দিনের খেলা, ওয়ানডে হয় সাত ঘণ্টা। আমি একটা টি-টোয়েন্টি ইনিংস খেলতে চাই।
এর মধ্য দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন, অল্প সময়ের মধ্যে হলেও কার্যকর কিছু করে দেখাতে চান।
তবে নিজের মেয়াদ নিয়ে স্পষ্ট করে কিছু না বললেও বুলবুল বলেন,
আমি বিসিবির নির্বাচিত সভাপতি। কোনো নির্দিষ্ট টাইমফ্রেম নিয়ে এখানে আসিনি।
এক্সক্লুসিভভাবে তিনি আরও উল্লেখ করেন,
আমি উপদেষ্টা হিসেবে আসিনি, আমাকে সিলেকশন বোর্ড সভাপতি নির্বাচন করেছে।
এই বক্তব্যের মাধ্যমে তিনি বোর্ডে তার দায়িত্ব ও ভূমিকার গুরুত্ব আলাদা করে তুলে ধরেন।
বুলবুলের পাশাপাশি সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন নাজমুল আবেদীন ফাহিম এবং সহ-সভাপতি হয়েছেন পরিচালক ফাহিম সিনহা।
গত বছরের আগস্টে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বিসিবির নেতৃত্বে এসেছিলেন ফারুক আহমেদ। তবে এক বছরের আগেই আবারও পালাবদল হলো বোর্ডের শীর্ষ চেয়ারে।
বাংলাদেশ ক্রিকেটে নতুন অধ্যায় শুরুর অপেক্ষায়—টি-টোয়েন্টি ইনিংসের গতিতে এগিয়ে যেতে প্রস্তুত বুলবুল। এখন দেখার পালা, তার নেতৃত্বে ঠিক কোন পথে হাঁটে দেশের ক্রিকেট।
