জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের অপসারণের দাবিতে আগামী শনিবার (২৮ জুন) থেকে কাস্টমস, ভ্যাট ও কর বিভাগের সব দপ্তরে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে রাজস্ব সংস্কার ঐক্য পরিষদ।
রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন পরিষদের সভাপতি হাছান মুহম্মদ তারেক রিকাবদার এবং মহাসচিব সেহেলা সিদ্দিকা। তাদের অভিযোগ, বর্তমান চেয়ারম্যান সরকারের একটি নির্দিষ্ট ‘এজেন্ডা’ বাস্তবায়নের মাধ্যমে রাজস্ব ব্যবস্থাকে অস্থিতিশীল করছেন। তাকে ‘আওয়ামী লীগ সরকারের এজেন্ডা বাস্তবায়নকারী আমলা’ এবং ‘প্রশাসনের মধ্যে বিভাজন ও শৃঙ্খলাভঙ্গের উসকানিদাতা’ হিসেবে অভিহিত করা হয়েছে।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, আন্দোলনে অংশ নেওয়ায় ইতিমধ্যে পাঁচজন সিনিয়র কর কর্মকর্তাকে প্রতিহিংসামূলক ও বিধিবহির্ভূতভাবে বদলি করা হয়েছে, যা পরিষদের ভাষায় অবৈধ।
এনবিআরের এক আদেশ অনুযায়ী, গত রবিবার জরুরি ভিত্তিতে বদলি করা হয় আয়কর অনুবিভাগের পাঁচ কর্মকর্তাকে। বদলি হওয়া কর্মকর্তারা হলেন—শাহ মোহাম্মদ ফজলে এলাহী (আয়কর গোয়েন্দা থেকে ময়মনসিংহ), মোহাম্মদ শিহাবুল ইসলাম (ঢাকা কর অঞ্চল-১৬ থেকে খুলনা), মো. আব্দুল্লাহ ইউসুফ (এনবিআর সদর দপ্তর থেকে বগুড়া), ইমাম তৌহিদ হাসান শাকিল (আয়কর গোয়েন্দা থেকে কুমিল্লা), এবং নুসরাত জাহান শমী (কুমিল্লা কর অঞ্চল থেকে রংপুর)। তাদের সোমবার (২৪ জুন) মধ্যে দায়িত্ব হস্তান্তর এবং মঙ্গলবার (২৫ জুন) নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
ঐক্য পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব আদেশ সোমবারের মধ্যে বাতিল না হলে ২৫ ও ২৬ জুন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কলম বিরতি, অবস্থান কর্মসূচি এবং এনবিআর চেয়ারম্যান ও তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে ঘৃণা প্রকাশ কর্মসূচি পালন করা হবে।
দাবি না মানা হলে ২৮ জুন থেকে শুরু হবে পূর্ণাঙ্গ শাটডাউন। তবে আন্তর্জাতিক যাত্রীসেবা ও রপ্তানি কার্যক্রম এ কর্মসূচির আওতামুক্ত থাকবে। প্রসঙ্গত, মে মাসে এনবিআর ‘রাজস্ব নীতি’ ও ‘রাজস্ব ব্যবস্থাপনা’ নামে দুটি বিভাগ গঠনের অধ্যাদেশ জারি করলে, তীব্র প্রতিবাদের মুখে সরকার পিছু হটে।
তবে এনবিআর চেয়ারম্যানের পদত্যাগ না হওয়ায় কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ থেকে যায়। পরিষদের অভিযোগ, চেয়ারম্যান প্রশ্নবিদ্ধ কর্মকর্তাকে গুরুত্বপূর্ণ দায়িত্বে বসানো, বাইরের লোক জড় করে শান্তিপূর্ণ আন্দোলনে উসকানি সৃষ্টি, এবং আন্দোলনকারীদের ভয়ভীতি দেখিয়ে রাজস্ব পরিবেশকে অস্থিতিশীল করছেন। এসব কারণে রাজস্ব আহরণ ব্যাহত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছে পরিষদ।
