টেকনাফে ২০ হাজার ইয়াবা ও অস্ত্রসহ দুই পাচারকারী আটক

কাজী মাশিয়াত, ডেস্ক রিপোর্ট

1 Min Read

কক্সবাজারের টেকনাফে রাতের আঁধারে চালানো এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও একটি বিদেশি আগ্নেয়াস্ত্রসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মঙ্গলবার (২৪ জুন ২০২৫) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি আভিযানিক দল ২৩ জুন সোমবার রাত ১১টার দিকে টেকনাফ থানার কেরুনতলী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটিকে থামায় কোস্ট গার্ড সদস্যরা।

পরবর্তীতে মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তির শরীর ও সাথে থাকা ব্যাগ তল্লাশি করে পাওয়া যায় ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট—যার বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা। এছাড়াও একজন পাচারকারীর কোমর থেকে উদ্ধার করা হয় একটি ৭.৬৫ মিমি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ৫ রাউন্ড তাজা গুলি।

আটক দুই পাচারকারীকে জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ড জানায়, দেশের উপকূলীয় অঞ্চলে আইন-শৃঙ্খলা রক্ষায় এবং মাদক চোরাচালান রোধে বাহিনীটির নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। এই অভিযান তারই অংশ। ভবিষ্যতেও এমন অভিযান চলমান থাকবে বলে জানানো হয়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *