জুলাই গণঅভ্যুত্থানের গৌরবময় স্মৃতি ও তাৎপর্য উদযাপনে শহীদ সাংবাদিক পরিবারকে সম্মাননা, বিশেষ অনুদান এবং উপহার প্রদানের সিদ্ধান্ত নিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সম্প্রতি মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানার সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বর্ষপূর্তি উদযাপনের অংশ হিসেবে আগামী ৫ জুলাই রাজধানীর জাতীয় জাদুঘরে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে নির্মিত চলচ্চিত্র ‘শ্রাবণ বিদ্রোহ’-এর প্রিমিয়ার শো আয়োজন করা হবে। শুধু তাই নয়, সারা দেশে এবং বিদেশে বাংলাদেশের মিশনসমূহে চলচ্চিত্রটি প্রদর্শন করা হবে।
তথ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, গণযোগাযোগ অধিদপ্তর, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ এবং ঢাকার চারটি বিশ্ববিদ্যালয় দেশব্যাপী জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কিত চলচ্চিত্র, প্রামাণ্যচিত্র ও ডকুমেন্টারি প্রদর্শন করবে। পাশাপাশি, বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে একটি আন্তর্জাতিক সেমিনার আয়োজনেরও উদ্যোগ নেওয়া হয়েছে।
অন্যদিকে, আগামী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত জাতীয় পত্রিকাগুলোতে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিশেষ ফিচার, নিবন্ধ ও ক্রোড়পত্র প্রকাশিত হবে। গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরতে ব্যানার, বিলবোর্ড, ফটোকার্ড, পোস্টার ও ফেস্টুন মুদ্রণ ও বিতরণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
তাছাড়া আয়োজন করা হবে জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কিত প্রকাশনা উৎসব, আলোকচিত্র ও গ্রাফিতি প্রদর্শনী। মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তর-সংস্থার অংশগ্রহণে হবে বর্ণাঢ্য র্যালি, কোরআনখানি, দোয়া মাহফিল এবং আলোচনা সভা।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এই আয়োজনের মূল লক্ষ্য হচ্ছে গণতন্ত্রের আন্দোলনে শহীদ সাংবাদিকদের অবদান স্মরণ ও নতুন প্রজন্মকে সচেতন করা।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, “শহীদ সাংবাদিক পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা এবং সম্মান প্রদর্শনের মাধ্যমে রাষ্ট্র তাদের ত্যাগের প্রতি কৃতজ্ঞতা জানাতে চায়। এ আয়োজন শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি একটি দায়িত্ববোধের অংশ।”
জুলাই গণঅভ্যুত্থান শুধু রাজনৈতিক ইতিহাস নয়, এটি গণমাধ্যমের স্বাধীনতা এবং জনগণের অধিকার আদায়ের আন্দোলনেরও এক গুরুত্বপূর্ণ অধ্যায়। শহীদ সাংবাদিকদের জন্য এবারের বর্ষপূর্তির এই বিশেষ উদ্যোগ তাই নতুন মাত্রা যোগ করেছে উদযাপনে।
