উল্লাপাড়ায় সরকারি তুলা উন্নয়ন বোর্ডের একতলা পাকা ভবন তিন মাস ধরে জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার হচ্ছে—এমন চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে।
সরেজমিন ঘুরে দেখা গেছে, ভবনটির গেটে উল্লাপাড়া পৌর জামায়াতের ৫ নম্বর ওয়ার্ডের সাইনবোর্ড ঝুলছে। স্থানীয়রাও নিশ্চিত করেছেন, নিয়মিত জামায়াতের নেতাকর্মীরা সেখানে যাতায়াত করছেন।
তবে ভবন দখলের অভিযোগ অস্বীকার করেছেন উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির শাহজাহান আলী। তিনি জানান—
দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে তুলা উন্নয়ন বোর্ডের ওই ভবনটি পরিত্যক্ত অবস্থায় ছিল। মাস তিনেক আগে দুইটি রুম মেরামত করে স্থানীয় ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের নেতাকর্মীরা বসতে শুরু করেছেন। আশেপাশের সরকারি অফিসগুলোর সঙ্গেই আলোচনা করে ভবনটি ব্যবহার করা হচ্ছে। প্রয়োজনে সরকার চাইলে ভবন ছেড়ে দেব। একে দখল বলা যাবে না।
এদিকে, পুরো ঘটনা সম্পর্কে কোনো ধারণা নেই বলে জানিয়েছেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু সালেহ মোহাম্মদ হাসনাত। তিনি বলেন—
বিষয়টি আমার জানা নেই। দ্রুত খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তুলা উন্নয়ন বোর্ডের উল্লাপাড়া উপজেলা কর্মকর্তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
স্থানীয়দের অনেকে অভিযোগ করেছেন, সরকারি স্থাপনা এভাবে রাজনৈতিক দলের অফিস হিসেবে ব্যবহার করা আইন বহির্ভূত হলেও প্রশাসনের নিষ্ক্রিয়তায় তিন মাস ধরে ভবনটি দলীয় কার্যক্রমে ব্যবহৃত হচ্ছে।
এখন দেখার বিষয়, প্রশাসন দ্রুত কোনো ব্যবস্থা নেয় কিনা, নাকি সরকারি সম্পত্তি আরও কতদিন রাজনৈতিক কাজে ব্যবহৃত হতে থাকে।
