মেসি-আলবা নিষিদ্ধ: ক্লাবের সিদ্ধান্তে বিশ্রাম, লিগের নিয়মে শাস্তি

মুসাইব ইব্রাহিম, ডেস্ক রিপোর্ট

2 Min Read

ইন্টার মায়ামির দুই বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসি ও জর্দি আলবা এক ম্যাচ নিষেধাজ্ঞার মুখে পড়েছেন। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) ও মেক্সিকোর লিগা এমএক্সের মধ্যকার অলস্টার ম্যাচে না খেলায় এই শাস্তি এসেছে এমএলএসের দীর্ঘদিনের নিয়ম অনুযায়ী। ইনজুরি ছাড়াই অলস্টার ম্যাচে না খেললে পরবর্তী একটি লিগ ম্যাচে খেলোয়াড়দের নিষিদ্ধ করা হয়—এ নিয়মেই মাঠে নামতে পারছেন না তারা। ফলে ঘরের মাঠে এফসি সিনাসিনাতির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে দেখা যাবে না এই দুই তারকাকে।

তবে পুরো বিষয়টি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন ইন্টার মায়ামির মালিক জর্জ মাস। তাঁর ভাষায়,

এটা খুব কঠোর সিদ্ধান্ত। মেসি হতাশ, ক্লাবের সবাই অবাক ও ক্ষুব্ধ। আমাদের একসঙ্গে থাকতে হবে এবং অবস্থান স্পষ্ট করতে হবে—বিশ্বের বিপরীতেও যদি সেটা দাঁড় করাতে হয়।

ক্লাব সূত্রে জানা গেছে, ফিফা ক্লাব বিশ্বকাপসহ সাম্প্রতিক সময়ে টানা সাতটি ম্যাচে অংশ নেওয়ায় ক্লাব কর্তৃপক্ষ নিজ উদ্যোগে মেসি ও আলবাকে অলস্টার ম্যাচে বিশ্রাম দেয়। ক্লাবের পক্ষ থেকে এই সিদ্ধান্তকে খেলোয়াড়দের শরীর ও মানসিক সুস্থতার জন্য প্রয়োজনীয় বলে বিবেচনা করা হয়।

জর্জ মাস বলেন,

মেসি ও আলবা ক্লাবের সিদ্ধান্ত মেনেই চলেছে। প্রদর্শনী ম্যাচে না খেলায় মূল লিগ ম্যাচে নিষেধাজ্ঞা পাওয়াটা কোনভাবে মেনে নেওয়া যায় না। এটা খেলোয়াড়দের প্রতি অবিচার।

এমএলএস কমিশনার ডন গারবার অবশ্য নিয়ম বাস্তবায়নের পক্ষে অবস্থান নিয়েছেন। তিনি বলেন,

মেসির লিগে অবদান অসাধারণ। তবে নিয়ম সবার জন্যই সমান। সে কারণে কঠিন সিদ্ধান্ত হলেও তা বাস্তবায়ন করতে হয়েছে।

তবে বিতর্ক থেমে থাকেনি এখানেই। অলস্টার ম্যাচের মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে লিগে ছয়টি ম্যাচ আয়োজন করায় খেলোয়াড়দের উপর বাড়তি চাপ সৃষ্টি হয়েছে বলেও মন্তব্য করেন ইন্টার মায়ামির মালিক। তাঁর মতে,

এটা একদমই ন্যায্য নয়। খেলোয়াড়দের বিশ্রাম ও পুনরুদ্ধার সময় প্রয়োজন। এমন চাপ দেওয়া অমানবিক।

এই নিষেধাজ্ঞা কেবল মেসি-আলবার অনুপস্থিতির বিষয় নয়, বরং ক্লাব বনাম লিগের ভারসাম্য, খেলোয়াড় সুরক্ষা এবং নিয়মের মানবিক প্রয়োগ নিয়েও বড় একটি প্রশ্ন তুলে দিয়েছে। এমএলএসের ভবিষ্যৎ নীতিমালায় কি এতে কোনো পরিবর্তন আসবে? সেটিই এখন দেখার বিষয়।

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *