স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনতে স্থানীয় সরকার নির্বাচন অধ্যাদেশ-২০২৫ নীতিগত ও চূড়ান্ত অনুমোদন পেয়েছে উপদেষ্টা পরিষদে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে পরিষদের অন্যান্য উপদেষ্টারাও উপস্থিত ছিলেন।
অধ্যাদেশ অনুযায়ী, এখন থেকে স্থানীয় সরকার নির্বাচনে কোনো রাজনৈতিক দলের প্রতীক ব্যবহার করা যাবে না। এর ফলে আগামীতে পৌরসভা, সিটি করপোরেশন ও উপজেলা নির্বাচনে প্রার্থীরা স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এর আগে ২০১৫ সালে আওয়ামী লীগ সরকার স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহারের নিয়ম চালু করেছিল। তবে তৃণমূল পর্যায়ে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়া এবং সহিংসতার ঝুঁকি বাড়ায় এই সিদ্ধান্তের সমালোচনা করে আসছিলেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।
উপদেষ্টা পরিষদের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, স্থানীয় নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা দলমুক্ত হবে, যা প্রশাসনিক স্থিতিশীলতা এবং জনগণের অংশগ্রহণকে উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে।
