আওয়ামী লীগের কার্যক্রম বর্তমানে দেশে নিষিদ্ধ থাকলেও দলটির সব ধরনের কার্যক্রমের ওপর কঠোর নজরদারি চলছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
রোববার (১০ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর সম্পর্কিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের ভেতরে অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো প্রচেষ্টা মোকাবেলায় সরকার সতর্ক অবস্থানে রয়েছে। আওয়ামী লীগের প্রতিটি পদক্ষেপ মনিটর করা হচ্ছে এবং প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে।
সম্প্রতি বিভিন্ন মাধ্যমে খবর এসেছে, কলকাতা সংলগ্ন একটি বাণিজ্যিক এলাকায় দলটির পার্টি অফিস চালু হয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর কলকাতায় আশ্রয় নেওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা নিয়মিত এই অফিসে আসা-যাওয়া করছেন এবং সংগঠনের নানা কার্যক্রম পরিচালনা করছেন।
প্রেস সচিব জানান, বিদেশে থাকলেও এই ধরনের কার্যক্রম নজরদারির বাইরে নয়। যদি দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার মতো কোনো তৎপরতা দেখা যায়, তবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
