খুলনার রূপসা উপজেলার আইচগাতি মধ্যপাড়া এলাকায় ভোররাতে যৌথ বাহিনীর অভিযানে সাব্বির হত্যা মামলার অন্যতম আসামি ও ‘বি কোম্পানি’র সক্রিয় সদস্য হাফিজুল শেখ হাফিজ (৩২) সহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার অন্যরা হলেন তানজিল হাসান জ্যোতি (৩৭), মো. মাসুম শেখ (২২) ও মো. দীপু শেখ (২৪)।
অভিযানের সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি, বিপুল পরিমাণ গাঁজা এবং কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে আটক ব্যক্তিদের রূপসা থানায় হস্তান্তর করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাফিজুল সাব্বির হত্যাকাণ্ডে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে একাধিক হত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে তার ভয়ে অনেকে মামলা করতে সাহস পাননি। আটক চারজনের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাদের আদালতে প্রেরণ করা হবে।
