রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা তিন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন একসঙ্গে ছয়জনের সাক্ষ্য নেন।
এদিন সাক্ষ্য দেন—সোনালী ব্যাংকের গণভবন শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার গৌতম কুমার সিকদার, প্রিন্সিপাল অফিসার মো. শরিফুল ইসলাম, কর অঞ্চল-৬ এর কম্পিউটার অপারেটর রেজাউল হক, নোটিস সার্ভার আবু তাহের, খুলনা কর অঞ্চলের পরিদর্শক লুৎফর রহমান এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অফিস সহায়ক দেলোয়ার হোসেন।
দুদকের আইনজীবী মোহাম্মদ সুলতান মাহমুদ বলেন, রাজউকের নিয়ম অনুযায়ী প্লট বরাদ্দ নিতে হলে আবেদনকারীদের হলফনামায় জানাতে হয়—রাজধানীতে নিজ নামে বা নিকটাত্মীয়ের নামে কোনো সম্পত্তি নেই। কিন্তু শেখ হাসিনার সন্তান জয় ও পুতুল মিথ্যা তথ্য দিয়ে হলফনামা দাখিল করেন এবং তাদের সহায়তা করেন হাসিনা নিজেই। তিনি আরও জানান, আসামিদের আয়করের তথ্যে গড়মিলও পাওয়া গেছে, যা আয়বহির্ভূত সম্পদ ব্যবহারের ইঙ্গিত দেয়।
আগামী ১৭ সেপ্টেম্বর পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করেছেন আদালত। এর আগে গত ১১ আগস্ট মামলার বাদীরা সাক্ষ্য দেন।
গত ৩১ জুলাই আদালত পৃথক ছয় মামলায় শেখ হাসিনা, তার বোন শেখ রেহেনা, সন্তান ও নাতি-নাতনিসহ ২৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে। আসামিদের তালিকায় রয়েছেন ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিকসহ একাধিক প্রভাবশালী সরকারি কর্মকর্তা ও সাবেক রাজউক চেয়ারম্যান।
গত জানুয়ারিতে দুদক এই মামলাগুলো দায়ের করে। অভিযোগপত্রে বলা হয়েছে, ক্ষমতার অপব্যবহার করে অযোগ্য হয়েও শেখ পরিবারের সদস্যরা পূর্বাচলের ২৭ নম্বর সেক্টরের ছয়টি প্লট বরাদ্দ নেন। বর্তমানে হাসিনা ও তার পরিবারের বেশ কয়েকজন সদস্য পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
