তিনটি শীর্ষস্থানীয় ফিলিস্তিনি মানবাধিকার সংগঠনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। সংগঠনগুলো হলো আল-হক, প্যালেস্টাইন সেন্টার ফর হিউম্যান রাইটস (পিসিএইচআর) এবং আল-মিজান সেন্টার ফর হিউম্যান রাইটস। মার্কিন কোষাগার বিভাগ সংগঠনগুলোকে ‘বিশেষভাবে মনোনীত নাগরিক এবং ব্লকড ব্যক্তিদের তালিকায়’ যুক্ত করেছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে বলেছেন, ইসরাইলের সম্মতি ছাড়া আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) তদন্ত ও গ্রেফতার কার্যক্রমে সক্রিয় ভূমিকা নেওয়ার কারণে এসব সংগঠনকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এর আগে সংগঠনগুলো গাজা ও অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি হামলা ও নির্যাতনের প্রমাণ আদালতে উপস্থাপন করেছিল।
বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত এসেছে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে জারি হওয়া তদন্ত ও গ্রেফতারি পরোয়ানার পরিপ্রেক্ষিতে। অতীতে মার্কিন প্রশাসন আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধেও কঠোর অবস্থান নিয়েছিল।
রুবিও বলেন, আইসিসির সার্বভৌমত্বের প্রতি অবজ্ঞা মেনে নেওয়া হবে না এবং যুক্তরাষ্ট্র তার সৈন্য, মিত্র ও সার্বভৌমত্ব রক্ষায় আরও পদক্ষেপ নেবে।
রামাল্লাহভিত্তিক আল-হক দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক পর্যায়ে ইসরাইলি মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ উপস্থাপন করে আসছে। অন্যদিকে গাজাভিত্তিক পিসিএইচআর এবং আল-মিজান সেন্টার গাজার চলমান আগ্রাসনের তথ্য নথিভুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তিনটি সংগঠনই এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছে এবং একে ফিলিস্তিনি মানবাধিকার আন্দোলনকে স্তব্ধ করার প্রচেষ্টা বলে উল্লেখ করেছে।
