ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে স্লোভেনিয়া। বৃহস্পতিবার ঘোষিত এ সিদ্ধান্ত ইউরোপীয় রাজনীতিতে নতুন এক দৃষ্টান্ত স্থাপন করেছে।
ইউরোপীয় ইউনিয়নের কোনো সদস্য দেশের পক্ষ থেকে ইসরাইলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সরাসরি এ ধরনের পদক্ষেপ নেওয়া এই প্রথম। এর আগে গত আগস্টে স্লোভেনিয়া ছিল প্রথম ইইউ দেশ, যারা ইসরাইলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা জারি করেছিল।
শুধু নেতানিয়াহুই নন, তার ঘনিষ্ঠ দুই মন্ত্রী—ইতামার বেন গভির এবং বেজালেল স্মোট্রিচকেও এর আগে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে দেশটি। অভিযোগ ছিল, তারা প্রকাশ্যে ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যামূলক বক্তব্য দিয়েছেন।
বিশ্লেষকরা বলছেন, স্লোভেনিয়ার এ সিদ্ধান্ত ইউরোপে ইসরাইলি নীতির প্রতি ক্রমবর্ধমান অসন্তোষের প্রতিফলন। ২০২৪ সালের জুনেই দেশটি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল, নরওয়ে, স্পেন এবং আয়ারল্যান্ডের পদক্ষেপের ধারাবাহিকতায়।
গাজায় চলমান ইসরাইলি অভিযানকে স্লোভেনিয়ার প্রেসিডেন্ট নাতাসা পিরক মুসার সরাসরি ‘গণহত্যা’ বলে অভিহিত করেছিলেন। সেই অবস্থান থেকেই ধাপে ধাপে দেশটি ইসরাইলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে বলে মনে করছেন কূটনৈতিক মহল।
আন্তর্জাতিক অঙ্গনে এ নিষেধাজ্ঞা নিঃসন্দেহে নতুন আলোচনার জন্ম দিয়েছে। একদিকে পশ্চিমা জোটের শক্তিশালী দেশগুলো এখনো ইসরাইলের প্রতি সমর্থন জারি রেখেছে, অন্যদিকে স্লোভেনিয়ার মতো অপেক্ষাকৃত ছোট একটি দেশ প্রকাশ্যে ইসরাইলি নেতৃত্বকে চাপে ফেলছে।
এটি নিছক প্রতীকী পদক্ষেপ, নাকি ভবিষ্যতে আরও দেশ একই পথে হাঁটবে—তা এখন আন্তর্জাতিক রাজনীতির অন্যতম আলোচ্য বিষয়।
