ইতিহাসের প্রথমবার এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান

স্পোর্টস ডেস্ক

2 Min Read

এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে প্রথমবার ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। আগামী রোববার (২৮ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই বহুল প্রত্যাশিত ফাইনাল।

অঘোষিত সেমিফাইনালে বাংলাদেশকে হারিয়েই ফাইনালে জায়গা করে নিয়েছে পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ে প্রতিপক্ষকে ১৩৮ রানে থামালেও ব্যাটিং ব্যর্থতায় ১২৪ রানেই থেমে যায় টাইগাররা। ১১ রানের হারই পাকিস্তানকে ফাইনালের টিকিট এনে দেয়।

১৯৮৪ সালে প্রথম এশিয়া কাপ শুরুর পর থেকে ভারত ও পাকিস্তান কখনও ফাইনালে মুখোমুখি হয়নি। এবারই প্রথম সেই রোমাঞ্চকর লড়াই দেখবে ক্রিকেট বিশ্ব।

ভারত এবারের আসরে শুরু থেকেই ছিল দুর্দান্ত। গ্রুপপর্বে টানা জয় নিয়ে সুপার ফোরে উঠে, সেখানেও ধারাবাহিক পারফরম্যান্সে আগেভাগেই নিশ্চিত করে ফাইনালের টিকিট। অন্যদিকে পাকিস্তান গ্রুপপর্বে ভারতের কাছে হেরেছিল, তবে ওমান ও সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে জায়গা করে নেয় সুপার ফোরে। এরপর শ্রীলঙ্কা ও বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পৌঁছায় সালমান আঘার নেতৃত্বাধীন দল।

এশিয়া কাপে ভারতের সাফল্য পাকিস্তানের চেয়ে অনেক বেশি। ভারত এখন পর্যন্ত ১১ বার ফাইনাল খেলেছে এবং জিতেছে ৮ বার। বিপরীতে পাকিস্তান খেলেছে ৫ বার, জিতেছে মাত্র ২টি শিরোপা। তবে ফাইনালে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই ঘিরে ক্রিকেট বিশ্বে এখনই তীব্র উত্তেজনা।

বিশ্লেষকদের মতে, দুবাই স্টেডিয়ামে গ্যালারিভর্তি দর্শক ও কোটি কোটি ভক্ত এবার প্রত্যক্ষ করবে ইতিহাসের সবচেয়ে আকর্ষণীয় এশিয়া কাপ ফাইনাল, যেখানে একপাশে থাকবে অভিজ্ঞতা ও আধিপত্যের ভারত, অন্যপাশে থাকবে দৃঢ় প্রত্যাবর্তনকারী পাকিস্তান।

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *