জেন-জি ঝড়ে ভেঙে গেল মাদাগাস্কারের সরকার

আন্তর্জাতিক ডেস্ক

1 Min Read

বিদ্যুৎ ও পানি সংকটের বিরুদ্ধে তরুণদের নেতৃত্বে তীব্র বিক্ষোভের মুখে মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রে রাজোয়েলিনা সরকার ভেঙে দিয়েছেন। রাজধানী আন্তানানারিভো থেকে শুরু হওয়া এ বিক্ষোভ মাত্র কয়েক দিনের ব্যবধানে আটটি শহরে ছড়িয়ে পড়ে।

প্রেসিডেন্ট সোমবার (২৯শে সেপ্টেম্বর) এক টেলিভিশন ভাষণে সরকারের ব্যর্থতার জন্য ক্ষমা চান। তিনি বলেন,

জনগণের রাগ ও কষ্ট আমি বুঝতে পারছি। দৈনন্দিন জীবনে বিদ্যুৎ ও পানির অভাবে মানুষ যে দুর্ভোগে পড়েছে, তার দায় আমরা এড়াতে পারি না।

একই সঙ্গে আন্দোলনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার প্রতিশ্রুতিও দেন তিনি।

প্রতিবাদকারীরা শুধু বিদ্যুৎ–জ্বালানি মন্ত্রী নয়, পুরো সরকারের পদত্যাগ দাবি করেন। ক্রমবর্ধমান চাপের মুখে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে পদচ্যুত করে মন্ত্রিসভা ভেঙে দেওয়ার ঘোষণা দেন। তিন দিনের মধ্যে নতুন প্রধানমন্ত্রীর জন্য আবেদন গ্রহণ করা হবে এবং পরবর্তী সময়ে নতুন সরকার গঠন করা হবে বলেও জানান তিনি।

এদিকে জাতিসংঘের মানবাধিকার প্রধান জানিয়েছেন, বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত শক্তি প্রয়োগে অন্তত ২২ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন। আটক, মারধর, রাবার বুলেট, টিয়ার গ্যাস এমনকি সরাসরি গুলি চালানোর ঘটনাও নিন্দা করেছেন তিনি।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ২০২৩ সালে তৃতীয়বার নির্বাচিত হওয়ার পর প্রেসিডেন্ট রাজোয়েলিনার জন্য এটি এখন পর্যন্ত সবচেয়ে গুরুতর রাজনৈতিক সংকট।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *