হবিগঞ্জের মাধবপুর উপজেলায় দারিদ্র্যের বোঝা বইতে না পেরে মা-ছেলে একসঙ্গে বিষপান করে জীবন শেষ করেছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে আদাঐর ইউনিয়নের গোয়ালনগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—গ্রামের যোগমায়া দাস (৪৫) এবং তাঁর প্রতিবন্ধী ছেলে পলাশ দাস (২২)।
স্থানীয়রা জানান, সকালে মা-ছেলে একসঙ্গে বিষপান করলে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা দ্রুত তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
মাধবপুর থানার ওসি মো. শহিদুল্লাহ সংবাদটি নিশ্চিত করে বলেন, “দীর্ঘদিন ধরে অভাব-অনটনের সঙ্গে লড়াই করছিলেন যোগমায়া। প্রায় দুই দশক আগে স্বামী প্রফুল্ল দাস মারা যাওয়ার পর সংসারের সমস্ত দায়িত্ব তাঁর কাঁধে এসে পড়ে। প্রতিবন্ধী ছেলের চিকিৎসা ও সংসারের খরচ জোগাতে গিয়ে জীবন আরও দুর্বিষহ হয়ে ওঠে। শেষ পর্যন্ত হতাশা থেকে মা-ছেলে একসঙ্গে আত্মহত্যার পথ বেছে নেন।”
গ্রামবাসীর মতে, স্বামীর মৃত্যু ও ছেলের অক্ষমতার কারণে যোগমায়া দাস সবসময় ভেঙে পড়তেন। সংসারে নিত্য অভাব-অনটনের কারণে মা-ছেলের মধ্যে প্রায়ই হতাশা ও মতবিরোধ দেখা দিত। তারই করুণ পরিণতি এই মর্মান্তিক আত্মহত্যা।
