মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু, হাসপাতালে আহতরা

মুসাইব ইব্রাহিম, ডেস্ক রিপোর্ট

2 Min Read

রাজধানীর মিরপুরের রূপনগর এলাকার শিয়ালবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আগুনের সূত্রপাত হয় সোমবার (১৪ই অক্টোবর) দুপুরের দিকে কসমিক ফার্মা নামের একটি কেমিক্যাল গুদাম ও পাশের একটি পোশাক প্রিন্টিং কারখানায়।

দুপুর পৌনে ১২টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। তবে কেমিক্যাল মজুত থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিকেল পর্যন্ত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

প্রচণ্ড ধোঁয়া ও উচ্চ তাপমাত্রার কারণে ফায়ার সার্ভিস কর্মীরা শুরুতে ভেতরে প্রবেশ করতে পারেননি। পরে নিরাপদ দূরত্ব থেকে পানি ও ফোম স্প্রে করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলতে থাকে। পরিস্থিতি জটিল হওয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরাও আগুন নিয়ন্ত্রণে সহায়তায় যোগ দেয়।

এ ঘটনায় দগ্ধ তিনজনকে দ্রুত উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে মো. সুরুজ (৩০), মো. মামুন (৩৫) ও সোহেল নামে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

ফায়ার সার্ভিসের অপারেশন ডিরেক্টর লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম জানান, গুদামে কী ধরনের কেমিক্যাল মজুত ছিল তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আগুন নিউট্রালাইজের চেষ্টা চলছে।

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ নির্ণয়ে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে ধারণা করা হচ্ছে, গুদামে থাকা দাহ্য কেমিক্যাল থেকেই আগুনের সূত্রপাত হয়।

স্থানীয়দের অভিযোগ, ভবনটিতে কেমিক্যাল সংরক্ষণের জন্য কোনো অনুমোদন ছিল না। ফলে ভবনের নিরাপত্তা ব্যবস্থা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

আগুনে পোশাক কারখানার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, এবং পার্শ্ববর্তী কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

দমকল বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে, এবং মৃতদের পরিচয় শনাক্তে কাজ চলছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *