৩৫ বছর পর অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ভোটগ্রহণ চলছে উৎসবমুখর পরিবেশে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে ওএমআর ব্যালট পদ্ধতিতে।
সকালে সরেজমিনে দেখা গেছে, পুরো ক্যাম্পাসে উৎসবের আমেজ বিরাজ করছে। বিভিন্ন হলের শিক্ষার্থীরা সকাল থেকেই তাদের নির্ধারিত ভোটকেন্দ্রের সামনে জড়ো হচ্ছেন। ভোট শুরু হওয়ার আগেই শিক্ষার্থীরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নিজেদের ভোট দেওয়ার অপেক্ষায় ছিলেন। শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, প্রক্টরিয়াল টিম, বিএনসিসি সদস্য এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিটি কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ নিশ্চিত করতে দায়িত্ব পালন করছেন।
রাকসুর এ নির্বাচনে মোট ২৩টি পদে লড়ছেন ২৪৭ জন প্রার্থী। এর মধ্যে ভিপি পদে ১৮ জন, জিএস পদে ১৩ জন এবং এজিএস পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাশাপাশি ছাত্রদল ও শিবির সমর্থিতসহ এ পর্যন্ত ১২টি প্যানেল নির্বাচনে অংশ নিচ্ছে।
এবার রাকসুতে মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০১ জন। এর মধ্যে নারী ভোটার ১১ হাজার ৩০৫ জন এবং পুরুষ ভোটার ১৭ হাজার ৫৯৬ জন। রাকসু, সিনেট ও হল সংসদ মিলিয়ে মোট প্রার্থী হয়েছেন ৩০৬ জন, আর হল সংসদে প্রার্থী হয়েছেন প্রায় ৬০০ জন শিক্ষার্থী।
ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ ভোট দেন আমির আলি হল কেন্দ্রে। একই প্যানেলের জিএস প্রার্থী ফজলে রাব্বি মো. ফাহিম রেজা ভোট দেন জিয়াউর রহমান হলে, এবং এজিএস প্রার্থী এস এম সালমান সাব্বির ভোট দেন শেরে বাংলা হল কেন্দ্রে। অন্যদিকে, ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের ভিপি প্রার্থী শেখ নুর উদ্দিন আবির ভোট দেন সোহরাওয়ার্দী হলে, জিএস প্রার্থী নাফিউল ইসলাম জীবন ভোট দেন হবিবুর রহমান হলে এবং এজিএস প্রার্থী জাহিন বিশ্বাস এষা ভোট দেন রহমতুন্নেসা হলে।
নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোটকেন্দ্র ও ক্যাম্পাসজুড়ে মোতায়েন রয়েছে প্রায় দুই হাজার পুলিশ, ছয় প্লাটুন বিজিবি ও বারো প্লাটুন র্যাব সদস্য।
ভোট দিতে আসা শিক্ষার্থীরা জানান, বহু বছর পর রাকসু নির্বাচন হচ্ছে—এটি তাদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। তারা বলেন,
জীবনে প্রথমবার ভোট দিচ্ছি, দিনটা আমাদের জন্য আনন্দের। এমন নির্বাচন প্রতিবছর হওয়া উচিত।
শিক্ষার্থীদের অনেকে আশা প্রকাশ করেছেন, নির্বাচিত প্রতিনিধি যেন সত্যিকারের অর্থে শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণে কাজ করেন।
অন্যদিকে, বিশ্ববিদ্যালয় প্রশাসন সকল শিক্ষার্থীকে শান্তিপূর্ণভাবে ভোট প্রদানে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে।
