ভারতের ত্রিপুরা রাজ্যে কুপিয়ে হত্যা করা তিন বাংলাদেশি নাগরিকের মরদেহ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় হস্তান্তর করা হয়েছে। নিহতদের মরদেহ চুনারুঘাট থানা পুলিশের মাধ্যমে তাদের পরিবারের কাছে পৌঁছানো হয়েছে। মরদেহ হস্তান্তরের সময় বিজিবি, পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হবিগঞ্জ ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সীমান্তবর্তী বিদ্যাবিল এলাকায় তিনজন বাংলাদেশি দুই-তিন দিন আগে ভারতে প্রবেশ করেন। স্থানীয় কিছু ভারতীয় নাগরিক তাদের চোর সন্দেহে ধারালো অস্ত্র ও তীর-ধনুক নিয়ে হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান।
নিহতরা হলেন:
- চুনারুঘাট উপজেলার আলীনগর গ্রামের আশ্বব আলীর ছেলে জুয়েল মিয়া
- বাসুল্লা গ্রামের কনা মিয়ার ছেলে পণ্ডিত মিয়া
- কবিলাশপুর গ্রামের কদ্দুস মিয়ার ছেলে সজল মিয়া
মরদেহ হস্তান্তর অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নিহতদের পরিবারের সদস্যরা, উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার ছালিমুর রহমান, চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম এবং বাল্লা বিজিবি কোম্পানি কমান্ডার খাইরুল আলম।
ভারতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন খোয়াই থানার ওসি কৃষ্ণন ধন সরকার, বিএসএফ কোম্পানি কমান্ডার কুরদি এবং স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
চুনারুঘাট থানার ওসি মো. জাহিদুর রহমান জানান, ভারতে ময়নাতদন্ত শেষে তিনজনের লাশ হস্তান্তর করেছে বিএসএফ। দেশে আনার পর পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশ পরিবারকে হস্তান্তর করা হবে।
