কতিপয় ব্যক্তির কারণে সরকারের ওপর জনগণের আস্থার সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে।
সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর বনানীর একটি হোটেলে সফররত কমনওয়েলথ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
আমির খসরু বলেন,
নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের প্রক্রিয়া, নির্বাচন কতটা নিরপেক্ষ ও স্বচ্ছ হবে—এসব বিষয়েই আলোচনা হয়েছে। বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার, তাই তারা কতটা নিরপেক্ষ থেকে নির্বাচন আয়োজন করতে পারবে সেটি নিয়েই প্রশ্ন রয়েছে।
তিনি জানান, বৈঠকে কমনওয়েলথ আগামী জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি, নির্বাচন কমিশনের স্বাধীনতা ও কর্তৃত্ব নিয়েও আলোচনা হয়েছে।
বিএনপির এই নেতা বলেন, জুলাই সনদ নিয়ে সবাই একমত। সেখানে যেসব দলের নোট অব ডিসেন্ট আছে, যে দল ক্ষমতায় যাবে, তারা নিজেদের অবস্থান অনুযায়ী তা বাস্তবায়ন করবে।
তিনি আরও জানান, তারেক রহমান মনোনয়ন প্রত্যাশীদের প্রতি আহ্বান জানিয়েছেন যেন তারা গণতন্ত্রের জন্য দলের দীর্ঘ লড়াই ও ত্যাগকে স্মরণ রেখে সিদ্ধান্ত নেয়।
আমির খসরু মনে করেন, আসন্ন নির্বাচন দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের একটি বড় সুযোগ।
