কুমিল্লার বুড়িচং উপজেলায় অপহরণ ও নির্যাতনের সাত দিন পর তুহিন (১৯) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তুহিন বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের বাহেরচর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে এবং স্থানীয় এরশাদ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
পরিবারের অভিযোগ, গত ২০ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শ্রীপুর গ্রামের কামাল মিয়ার বাড়ির সামনে থেকে তুহিনকে জোরপূর্বক একটি গাড়িতে তুলে নেয় কয়েকজন স্থানীয় যুবক। পরে তাকে গোবিন্দপুর গ্রামের সাইফুল ইসলাম বাবুর মালিকানাধীন একটি ভবনে নিয়ে লোহার রড ও এসএস পাইপ দিয়ে নির্মমভাবে মারধর করা হয়। এতে তার দুই হাত-পা ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়।
স্থানীয়রা তুহিনের চিৎকার শুনে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকার আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই টানা সাত দিন লাইফ সাপোর্টে থেকে মৃত্যুবরণ করেন তিনি।
নিহতের মা ফেরদৌসী আক্তার অভিযোগ করে বলেন,
পূর্ববিরোধের জেরে অভিযুক্তরা আমার ছেলেকে হত্যার হুমকি দিয়ে আসছিল। অবশেষে তারা অপহরণ করে নির্যাতন চালিয়ে মেরে ফেলেছে।
ঘটনার পরদিন তুহিনের মা বাদী হয়ে বুড়িচং থানায় মামলা দায়ের করেন। মামলায় সাইফুল ইসলাম বাবু, তার ছেলে নাফিজ উদ্দিন, জহির, আবদুল আলিমসহ কয়েকজনকে আসামি করা হয়েছে।
স্থানীয় প্রশাসন জানায়, অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে। প্রাথমিক তদন্তে ঘটনাটিকে পূর্ববিরোধ ও ব্যক্তিগত শত্রুতার জেরে সংঘটিত অপরাধ হিসেবে দেখা হচ্ছে।
