ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুকে ঘিরে দেশজুড়ে যখন শোক ও উত্তেজনা বিরাজ করছে, ঠিক সেই সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ এক নেতাকে হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক এবং নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ‘শাপলা কলি’ প্রতীকের প্রার্থী আবদুল হান্নান মাসউদকে প্রকাশ্যে হত্যার হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ করা হয়। হুমকিসংক্রান্ত একাধিক স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে হাতিয়া থানায় জিডিটি করেন হান্নান মাসউদের চাচা ও এনসিপির হাতিয়া উপজেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী হেডমাস্টার শামছল তিব্রিজ। জিডিতে উল্লেখ করা হয়, ১৮ ডিসেম্বর সন্ধ্যা ৭টা ৪ মিনিটে ‘রুপক নন্দী’ নামের একটি ফেসবুক আইডি থেকে আবদুল হান্নান মাসউদকে প্রকাশ্যে হত্যার হুমকি দেয়া হয়। একই দিন বিকেল ৪টা ৫৫ মিনিটে ‘Israt Raihan Ome’ নামের আরেকটি আইডি থেকে দলের এক কর্মীর মেসেঞ্জারে বার্তা পাঠিয়ে হান্নান মাসউদ ও তার সহযোগীদের প্রাণনাশের হুমকি দেয়া হয়।
জিডিতে মোট সাতজনের নাম উল্লেখ করে বলা হয়েছে, অভিযুক্তরা বিভিন্ন সময়ে নানা কৌশলে হান্নান মাসউদ ও তার সহযোগীদের ভয়ভীতি দেখিয়ে আসছে। এতে আশঙ্কা প্রকাশ করা হয়, তারা যেকোনো সময় বড় ধরনের ক্ষতি সাধন করতে পারে।
অভিযুক্তদের মধ্যে রয়েছেন— হাতিয়া উপজেলার কান্তি লালের ছেলে রুপক নন্দী (২৫), চরঈশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল হালিম আজাদ (৪৬), তার ছেলে ইসরাত রায়হান অমি (২৭), সংকর চন্দ্রের ছেলে প্রেম লাল (২৫), তোফায়েল সেরাংয়ের ছেলে নুর হোসেন রহিম (২৬), সংকর চন্দ্র দাসের ছেলে বাবুলাল (৩২) এবং বেলায়েত হোসেনের ছেলে ওমর ফারুক (৩২)।
জানা গেছে, ছড়িয়ে পড়া স্ক্রিনশটগুলোর একটি এসেছে ইসরাত রায়হান অমির মেসেঞ্জার বার্তা থেকে, যেখানে হুমকিস্বরূপ ভাষায় বলা হয়— নির্দিষ্ট নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হলে এলাকায় চলাচল কঠিন করে তোলা হবে। অন্যদিকে রুপক নন্দীর ফেসবুক পোস্টেও সরাসরি হুমকি ও নিষেধাজ্ঞার কথা উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে আবদুল হান্নান মাসউদ বলেন, হত্যার হুমকি ও ভয়ভীতি প্রদর্শন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্টের অপচেষ্টা এবং গণতান্ত্রিক চর্চার ওপর সরাসরি আঘাত। দোষীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা হলে এমন অপরাধ আরও বাড়বে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।
পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। প্রাপ্ত স্ক্রিনশট ও অভিযোগ যাচাই-বাছাই করে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
