ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার মামলায় প্রধান আসামি শুটার ফয়সাল করিম মাসুদকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেফতার দুই আসামিকে ফের পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
রোববার (২১ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)–এর আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন। রিমান্ডে নেওয়া দুই আসামি হলেন আদিবাসী সিবিয়ন দিও ও সঞ্জয় চিসিম। ডিবি জানায়, হত্যাকাণ্ডের পর প্রধান আসামিকে আত্মগোপনে সহায়তার অভিযোগে তাদের গ্রেফতার করা হয় এবং ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততা যাচাইয়ে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে।
এদিকে, হাদিকে গুলি করে হত্যায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেফতার মো. আব্দুল হান্নানকে জামিন দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগের সময় চলন্ত মোটরসাইকেল থেকে ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। গুলিটি তার মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাতে তিনি মারা যান।
হাদির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। মামলার তদন্তে এখনো প্রধান শুটারসহ কয়েকজন আসামি পলাতক রয়েছে। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, রিমান্ডে নেওয়া আসামিদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা করা হচ্ছে।
