সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সম্মান জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ড. হিমাদ্রি শেখর চক্রবর্তী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি সর্বোচ্চ সম্মান ও মর্যাদা প্রদর্শনের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় তিন দিনের শোক ঘোষণা করেছে। এর অংশ হিসেবে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলের পরীক্ষা এবং বুধবার ও বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ও অধিভুক্ত/উপাদানকল্প কলেজ ও ইনস্টিটিউট কেন্দ্রের সব পরীক্ষা স্থগিত থাকবে। স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি পরবর্তীতে জানানো হবে।
পরীক্ষা নিয়ন্ত্রক ড. হিমাদ্রি শেখর চক্রবর্তী জানান, যেহেতু রাজধানীর সরকারি সাত কলেজের পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত হয়, সেহেতু এসব কলেজের পরীক্ষাও স্থগিতের আওতায় পড়েছে।
স্থগিত হওয়া কলেজগুলো হলো—ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাংলা কলেজ, সরকারি কবি নজরুল কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী কলেজ।
উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে ইন্তেকাল করেন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও হৃদরোগসহ নানা জটিলতায় ভুগছিলেন এবং সম্প্রতি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
