রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে স্বতন্ত্র প্রার্থীকে হেনস্তা, বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ

নিজস্ব প্রতিনিধি

2 Min Read

মানিকগঞ্জে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের ভেতরেই স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি নেতা আতাউর রহমান আতাকে হেনস্তার অভিযোগ উঠেছে বিএনপি মনোনীত প্রার্থীর অনুসারী ও নেতাকর্মীদের বিরুদ্ধে। মনোনয়নপত্র যাচাই-বাছাই চলাকালে এই ঘটনায় পুরো নির্বাচন কার্যক্রম ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়ন যাচাই শেষে মানিকগঞ্জ-৩ আসনে আতাউর রহমান আতার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়। একই সময় বিএনপি মনোনীত প্রার্থী আফরোজা খান রিতার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।

সিদ্ধান্ত ঘোষণার পরপরই আতাউর রহমান আতা এর প্রতিবাদ জানান এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে অনিয়ম ও মামলার কাগজপত্র উপস্থাপনের চেষ্টা করেন। তবে তাকে বক্তব্য দেওয়ার সুযোগ না দিয়ে থামিয়ে দেওয়া হয় বলে অভিযোগ সংশ্লিষ্টদের।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সম্মেলন কক্ষ থেকে বের হওয়ার সময় তিতাস গ্যাস কর্তৃপক্ষের একটি নম্বর জানতে চাইলে বিএনপি প্রার্থীর সমর্থকরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। এ সময় মানিকগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক নাসির উদ্দিন যাদু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট লিটন এবং শিবালয় উপজেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানাসহ কয়েকজন তাকে ধাক্কা দেন। অভিযোগ রয়েছে, অকথ্য ভাষায় গালিগালাজের পাশাপাশি শারীরিকভাবে তাকে হেনস্তা করা হয়।

ঘটনার বিষয়ে আতাউর রহমান আতা বলেন, তিনি ন্যায়বিচারের আশায় তথ্যপ্রমাণ দিতে চেয়েছিলেন, কিন্তু তাকে সে সুযোগ দেওয়া হয়নি। বরং পরিকল্পিতভাবে সম্মেলন কক্ষের বাইরে তাকে অপমান ও হেনস্তা করা হয়েছে। তিনি জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ জমা দিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নির্বাচনী প্রক্রিয়ার একেবারে শুরুতেই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের ভেতরে এমন ঘটনার কারণে সাধারণ ভোটার ও রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছে। অভিযুক্তদের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি। জেলা প্রশাসন জানিয়েছে, অভিযোগটি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *