বাংলাদেশের ভূখণ্ডে মিয়ানমারের দিক থেকে গুলিবর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ জানিয়েছে বাংলাদেশ সরকার। এ ঘটনায় ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত উ কিয়াও সো মোয়েকে তলব করে কড়া প্রতিবাদ জানানো হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে তাকে এই ঘটনার বিষয়ে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করা হয়। আলোচনায় জানানো হয়, কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন সংলগ্ন সীমান্ত এলাকায় মিয়ানমারের দিক থেকে ছোড়া গুলিতে ১২ বছর বয়সী এক বাংলাদেশি কন্যাশিশু গুরুতর আহত হয়েছে।
বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, কোনো ধরনের উসকানি ছাড়াই সীমান্ত পেরিয়ে গুলিবর্ষণ আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এ ধরনের কর্মকাণ্ড দুই দেশের মধ্যকার সুসম্পর্ককে ক্ষতিগ্রস্ত করছে বলেও জানানো হয়। ভবিষ্যতে যেন এমন ঘটনা আর না ঘটে, সে বিষয়ে মিয়ানমারকে পূর্ণ দায়ভার গ্রহণ করে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এ ছাড়া মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতি বা সশস্ত্র সংঘাতের কোনো প্রভাব যেন বাংলাদেশের জনগণের জীবন ও নিরাপত্তার ওপর না পড়ে, সে বিষয়টি নিশ্চিত করার দাবিও তুলে ধরা হয়।
জবাবে মিয়ানমারের রাষ্ট্রদূত জানান, এ ধরনের ঘটনা প্রতিরোধে তার সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। একই সঙ্গে আহত শিশুর দ্রুত সুস্থতা কামনা করে তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন তিনি।
