নেত্রকোনা-৪ আসনে তাহমিনা জামান শ্রাবণীর প্রার্থিতা প্রত্যাহার

নিজস্ব প্রতিনিধি

2 Min Read

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৪ (মদন–মোহনগঞ্জ–খালিয়াজুরী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

শনিবার (১৭ জানুয়ারি) তার পক্ষে প্রার্থিতা প্রত্যাহারের আবেদন নেত্রকোনা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেন মাহমুদুল হাসান মাহমুদ। সন্ধ্যায় তিনি বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গত ২৯ ডিসেম্বর মনোনয়ন জমাদানের শেষ দিনে তাহমিনা জামান শ্রাবণী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। উল্লেখ্য, তিনি ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

নেত্রকোনা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সাইফুর রহমান প্রার্থিতা প্রত্যাহারের তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, তিনি অফিসিয়াল কাজে জেলার বাইরে থাকায় আবেদনটি সরাসরি হাতে পাননি, তবে তা তার কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।

নেত্রকোনা-৪ আসনে অন্যান্য প্রার্থীদের মধ্যে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী লুৎফুজ্জামান বাবর, কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য জলি তালুকদার, জামায়াতে ইসলামীর মনোনীত ময়মনসিংহ মহানগর সাংগঠনিক সম্পাদক আল হেলাল তালুকদার এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোখলেছুর রহমান।

স্থানীয় ও দলীয় সূত্র জানায়, লুৎফুজ্জামান বাবর ১০ ট্রাক অস্ত্র মামলাসহ একাধিক মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় যাচাই-বাছাইয়ের সময় তার মনোনয়ন বাতিলের আশঙ্কা ছিল। সে কারণেই সতর্কতামূলকভাবে তাহমিনা জামান শ্রাবণীকেও স্বতন্ত্র প্রার্থী করা হয়েছিল। তবে যাচাই-বাছাই শেষে স্বামী-স্ত্রী দুজনের মনোনয়নই বৈধ ঘোষণা হওয়ায় প্রত্যাহারের শেষ সময়ের আগেই তিনি প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নেন।

এর মাধ্যমে নেত্রকোনা-৪ আসনে নির্বাচনী সমীকরণ আরও স্পষ্ট হয়ে উঠল, আর ভোটের মাঠে এখন মূল প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতাই নজর কাড়ছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *