চট্টগ্রামের চন্দনাইশে জুলাই গণঅভ্যুত্থানের বীর হাসনাত আব্দুল্লাহর ওপর সশস্ত্র হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান।
বিবৃতিতে বলা হয়, ১৬ জানুয়ারি দিবাগত রাতে দুষ্কৃতিকারীরা অতর্কিতভাবে লাঠিসোটা ও চাকু দিয়ে হামলা চালিয়ে হাসনাত আব্দুল্লাহ এবং তার সঙ্গে থাকা মাঈনুদ্দিন নামে আরেক যুবককে মারাত্মকভাবে আহত করে। এ ঘটনাকে তিনি সন্ত্রাসী হামলা উল্লেখ করে এর তীব্র নিন্দা জানান।
তিনি বলেন, এটি কেবল একজন জুলাইযোদ্ধার ওপর হামলা নয়; বরং গণতান্ত্রিক চেতনা, ন্যায়বিচার ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনের ওপর সরাসরি আঘাত। রাজনৈতিক মতভিন্নতার অজুহাতে সহিংসতার পথ বেছে নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।
বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় না আনলে দেশের নির্বাচনী পরিবেশ ও রাজনৈতিক স্থিতিশীলতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে হামলার সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।
অ্যাডভোকেট জুবায়ের আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে আহত ও গেজেটপ্রাপ্ত বীরদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর আহ্বান জানান তিনি।
