ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে সরাসরি কোনো দেশের নাম উল্লেখ না করে জবাবদিহিতা নিশ্চিতের ওপর গুরুত্ব দিয়েছে জাতিসংঘ।
বাংলাদেশে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত সহিংসতায় হতাহতের ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনার বিষয়ে শুরু থেকেই গুরুত্ব দিয়ে আসছে জাতিসংঘ। স্থানীয় সময় বুধবার (২১ জানুয়ারি) জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে শেখ হাসিনার প্রত্যাবাসন প্রসঙ্গ উঠে আসে।
প্রেস ব্রিফিংয়ে এক সাংবাদিক উল্লেখ করেন, জুলাই গণ-অভ্যুত্থানে অন্তত ১ হাজার ৪০০ জন নিহত হওয়ার তথ্য রয়েছে এবং এসব হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে বাংলাদেশের একটি আদালতে শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এ প্রেক্ষিতে ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে তাকে বাংলাদেশের কাছে ফিরিয়ে দিতে জাতিসংঘ মহাসচিব ভারত সরকারের প্রতি আহ্বান জানাবেন কি না—এমন প্রশ্ন করা হয়।
জবাবে কোনো নির্দিষ্ট দেশের নাম উল্লেখ না করে জাতিসংঘ মহাসচিবের উপ-মুখপাত্র ফারহান হক বলেন, বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে অপরাধীদের চিহ্নিত করে জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন।
তিনি বলেন,
আমরা বিশ্বাস করি, জবাবদিহিতা থাকা উচিত। জাতিসংঘ নিজেও সংঘটিত হত্যাকাণ্ড সম্পর্কে তথ্য সরবরাহ করেছে। তবে এই প্রক্রিয়া অবশ্যই আন্তর্জাতিক আইনের প্রতি মৌলিক শ্রদ্ধা রেখে পরিচালিত হতে হবে।
জাতিসংঘের এই অবস্থানকে চলমান বিচারিক প্রক্রিয়া ও আন্তর্জাতিক আইন মেনে ন্যায়বিচার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
