ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৫ হাজার

আন্তর্জাতিক ডেস্ক

1 Min Read

ইরানে চলমান বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত পাঁচ হাজার মানুষ নিহত হয়েছেন বলে দাবি করেছেন দেশটির এক ঊর্ধ্বতন কর্মকর্তা। নিহতদের মধ্যে প্রায় ৫০০ জন নিরাপত্তা বাহিনীর সদস্য বলেও জানান তিনি।

রোববার (১৮ জানুয়ারি) যাচাই করা পরিসংখ্যানের বরাতে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বক্তব্যে ওই কর্মকর্তা বলেন, নিহতের সংখ্যা হঠাৎ করে আরও বাড়ার সম্ভাবনা নেই। তিনি দাবি করেন, ইসরাইল ও বিদেশে অবস্থানরত সশস্ত্র গোষ্ঠীগুলো বিক্ষোভকারীদের সহায়তা ও অস্ত্র সরবরাহ করেছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৮ ডিসেম্বর অর্থনৈতিক সংকটের প্রতিবাদে ইরানজুড়ে বিক্ষোভ শুরু হয়। অল্প সময়ের মধ্যেই তা সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর এটিই দেশটির সবচেয়ে প্রাণঘাতী বিক্ষোভ বলে উল্লেখ করা হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের হত্যাকাণ্ড ও মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে হুঁশিয়ারি দিলেও সম্প্রতি এক পোস্টে ইরানের নেতৃত্বকে ধন্যবাদ জানান। অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ট্রাম্পকে ‘অপরাধী’ আখ্যা দিয়ে ইরানের প্রাণহানির জন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে দায়ী করেন।

ইরানের বিচার বিভাগ জানিয়েছে, সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং মৃত্যুদণ্ড কার্যকর আবারও শুরু হতে পারে।

সূত্র: রয়টার্স

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *