প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অপহরণের এক ঘণ্টার মধ্যে স্কুলছাত্র উদ্ধার

ফরহাদ হোসেন, ঢাকা প্রতিনিধি

2 Min Read

ছেলে অপহরণের খবর পেয়ে দিশেহারা হয়ে পড়েন এক সচিবালয় কর্মচারী বাবা। কান্নাজড়িত কণ্ঠে তিনি ঢুকে পড়েন প্রধানমন্ত্রীর দফতরে। সামনাসামনি বিষয়টি জানানো হলে সঙ্গে সঙ্গে ফোন তুলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঘটনার এক ঘণ্টার মধ্যেই রাজধানীর খিলগাঁও এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে অপহৃত স্কুলছাত্রকে উদ্ধার করে পুলিশ।

পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলম জানান, নবম শ্রেণিতে পড়ুয়া ওই শিক্ষার্থী খিলগাঁওয়ের ন্যাশনাল ল্যাবরেটরি আইডিয়াল স্কুল থেকে বেলা আড়াইটার দিকে বের হলে ৪-৫ জন ব্যক্তি তাকে জোরপূর্বক জোড়পুকুর এলাকার একটি সাততলা নির্মাণাধীন ভবনে নিয়ে যায়। সেখানে তাকে মারধর করা হয় এবং তার বাবার নম্বর নিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে হত্যার হুমকিও দেওয়া হয়।

ছেলেটির বাবা সচিবালয়ে কর্মরত। ছেলের অপহরণের খবর পেয়ে তিনি প্রধানমন্ত্রীর দফতরে গিয়ে বিষয়টি তুলে ধরেন। তাৎক্ষণিকভাবে প্রধানমন্ত্রী পুলিশকে ফোন করে ছেলেটিকে দ্রুত উদ্ধারের নির্দেশ দেন বলে জানানো হয়েছে।

পরে অপহরণকারীরা যে নম্বর থেকে ফোন করেছিল, সেই নম্বর ধরে কৌশলে যোগাযোগ শুরু করে পুলিশ। ‘টাকা পাঠানোর’ আশ্বাস দিয়ে সময়ক্ষেপণের মধ্যে তাদের অবস্থান শনাক্ত করা হয়। একপর্যায়ে অভিযানে গিয়ে ভবনটি থেকে ছেলেটিকে উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, ঘটনা জানার সঙ্গে সঙ্গেই প্রধানমন্ত্রী দ্রুত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *